ফিফার কঠোর খেলোয়াড় নিবন্ধন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে ব্রাজিলের ঐতিহাসিক ফুটবল ক্লাব সান্তোস। ক্লাবটির তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের পারিবারিক প্রতিষ্ঠান এনআর স্পোর্টসের আর্থিক সহায়তায় পুরোনো বকেয়া ঋণ পরিশোধ করায় এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
ফরাসি ক্লাব মোনাকো থেকে মিডফিল্ডার জ্যাঁ লুকাসকে দলে ভেড়ানোর পর সান্তোসের প্রায় ১ কোটি ২০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল ঋণ বকেয়া ছিল। অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় গত জুলাইয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ খেলোয়াড় নিবন্ধনে সান্তোসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বৃহস্পতিবার সান্তোস এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, নেইমারের পারিবারিক প্রতিষ্ঠান এনআর স্পোর্টসের আর্থিক সহায়তায় বকেয়া পাওনা পরিশোধ করা হয়েছে। এর ফলে ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এবং ক্লাবটি আবার নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পেয়েছে।
এই আর্থিক সহায়তার বিনিময়ে সান্তোস ও নেইমারের প্রতিষ্ঠান যৌথভাবে ক্লাবের অবিক্রীত জার্সির স্পনসরশিপ বাণিজ্যিকীকরণ ও বাজারজাতকরণের সুযোগ পাবে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাবেক জুভেন্টাস তারকা আর্থার মেলোকে দলে ভেড়ানোর চেষ্টা শুরু করেছে সান্তোস। ব্রাজিলিয়ান লিগে অবনমনের ঝুঁকিতে থাকা দলটি চলতি সপ্তাহে করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে। এ ম্যাচে চোট কাটিয়ে নেইমারের একাদশে ফেরার সম্ভাবনাও রয়েছে।
BanglaDock