ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার। এসব বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
চিফ হুইপ বলেন, বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার। বিএনপি সরকারের মূলনীতি হচ্ছে—সবার আগে বাংলাদেশ।
তিনি বলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানায়নি। স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
নুরুল ইসলাম মনি বলেন, চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও বন্ধুদেশের দুটি জাহাজ একসঙ্গে এলে বন্ধুদেশের জাহাজ আগে খালাস করা হবে—এমন ব্যবস্থাসহ দেশের স্বার্থবিরোধী অসংখ্য চুক্তি করে গেছেন শেখ হাসিনা। বর্তমান সরকার এসব চুক্তির জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে।
তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা করার পরই বন্ধুত্ব বজায় রাখা হবে। বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি দেশকে স্বাবলম্বী করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
BanglaDock