বাংলাদেশের বিমানবহরে ২০০টিরও বেশি উড়োজাহাজ যুক্ত করার প্রত্যাশা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। প্রথম ধাপে ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘমেয়াদে দেশের বিমান পরিবহন সক্ষমতা বাড়াতে হবে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, নতুন উড়োজাহাজ দেশে আসার প্রক্রিয়া ২০৩১ সাল থেকে শুরু হতে পারে। পর্যায়ক্রমে ২০৩৬ থেকে ২০৩৭ সালের মধ্যে এসব উড়োজাহাজ দেশে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। মন্ত্রীর ভাষ্য, বর্তমান বহরের উড়োজাহাজগুলো একসময় পুরোনো হয়ে যাবে। তাই ভবিষ্যতের চাহিদা পূরণ ও বিমান পরিবহন ব্যবস্থা সচল রাখতে এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
মন্ত্রী বলেন, ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা ভবিষ্যতে বিমানবহর সম্প্রসারণের বৃহত্তর উদ্যোগের অংশ। এ ছাড়া কানাডা, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়ানো এবং প্রয়োজনীয় ফ্লাইট স্লট নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
বিমান পরিবহন খাতের পাশাপাশি পর্যটনশিল্পের বিকাশে নেত্রকোণার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।
BanglaDock