`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

হিমছড়িতে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
হিমছড়িতে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বুধবারের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার হলো। এখনো নিখোঁজ রয়েছেন একজন।


বৃহস্পতিবার সকালে হিমছড়ি সৈকতের সাগর নিবাস এলাকা থেকে মোহাম্মদ হারুন (২০) নামের ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা। কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।


ফায়ার সার্ভিস জানায়, বুধবার বিকেল ৫টার দিকে হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে সাঁতার কাটতে নেমে ছয় পর্যটক নিখোঁজ হন। ঘটনার পরপরই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আরও একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।


নিহতদের মধ্যে আল মহিবুর ইবনে মোকাররম (২৪) ও সাইবুল হক জিসান (২৩) ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকার বাসিন্দা। আকাশ (২১) চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা ছিলেন। এখনো নিখোঁজ রয়েছেন উত্তরার বাসিন্দা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম নাফিসুর রহমান নিবিড় (২২)।


রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, ঢাকার উত্তরা থেকে সাত পর্যটকের একটি দল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারে পৌঁছান। বিকেলে তারা হিমছড়ি জাদুঘরসংলগ্ন সৈকতে গোসল করতে নামেন। দলের কেউ সাঁতার জানতেন না। সাগরে কয়েকজনকে হাবুডুবু খেতে দেখে অন্যরা সাহায্য করতে গেলে সাতজনই স্রোতে ভেসে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন।


রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক জানান, বৃহস্পতিবার সকালে আরও একজনের মরদেহ উদ্ধারের পরও একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আনা নারীসহ ১৫ জন উদ্ধার

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আনা নারীসহ ১৫ জন উদ্ধার