`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

তরুণ উদ্যোক্তারা ব্যবসার জন্য পাবেন ২০ লাখ টাকা, নভেম্বরে ৫৬ জেলায় আবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
তরুণ উদ্যোক্তারা ব্যবসার জন্য পাবেন ২০ লাখ টাকা, নভেম্বরে ৫৬ জেলায় আবেদন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

তরুণদের ব্যবসা শুরুতে সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আবেদন শুরু হচ্ছে দেশের আরও ৫৬ জেলায়। আগামী ১ নভেম্বর থেকে এসব জেলার সব উপজেলায় আবেদন নেওয়া হবে। এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান হিসেবে দেওয়ার ব্যবস্থা রয়েছে।


শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে প্রাথমিক পর্যায়ে আট জেলায় আবেদন নেওয়া হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব জেলার ৬৪টি উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে।


প্রাথমিক পর্যায়ের আট জেলা হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা। এসব জেলার মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে নেত্রকোণায় ৫ হাজার ৩৫১টি। এ ছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়ে।


প্রাথমিক পর্যায়ের আট জেলা বাদে বাকি ৫৬ জেলার আগ্রহী তরুণেরা ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।


বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে এবং যে উপজেলার জন্য আবেদন করবেন, সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর ব্যবসা শুরুর পরিকল্পনা বা সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা থাকতে হবে। তবে আগে থেকেই ব্যবসা থাকা বাধ্যতামূলক নয়।


আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসার জন্য ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ সুবিধা পাবেন না।


উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা চিহ্নিত করে তাঁদের অর্থায়নের ব্যবস্থা করাই ‘উদ্যোগ’ কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং উদ্ভাবনী ব্যবসায়িক উদ্যোগের প্রসার ঘটাতে চায় বাংলাদেশ ব্যাংক।


কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর ০৫-এর মাধ্যমে জারি করা হয়। বিস্তারিত নীতিমালা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট [www.bb.org.bd](http://www.bb.org.bd) এবং এসএমই পোর্টালে পাওয়া যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে