কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় রিসোর্ট মালিকসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাত আরও ১৯ জনকে আসামি করা হয়েছে। রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে উপপরিদর্শক আশীষ সূত্রধর মামলাটি করেন। এতে রিসোর্ট মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করা হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক সৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করতে হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় হতাহত ও নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে পুলিশ। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিনিরাপত্তার ঝুঁকির কারণে চার মাস আগে রিসোর্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। প্রতিষ্ঠানটির অগ্নিনিরাপত্তা লাইসেন্সও ছিল না। জুনে পরিদর্শনের পর ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ১১ জুন আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়।
BanglaDock