বিশ্বজুড়ে খাদ্যের দাম বেড়ে গত সেপ্টেম্বরে প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আবহাওয়াজনিত ঝুঁকি, সরবরাহব্যবস্থায় বিঘ্ন, জ্বালানি ও পরিবহন সংকটের কারণে এ চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
এফএওর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বৈশ্বিক খাদ্যমূল্য সূচক বেড়ে গড়ে ১৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল ১৩৪ পয়েন্ট। ২০২২ সালের নভেম্বরের পর এটিই সর্বোচ্চ। আগস্টের তুলনায় দানাশস্যের দাম ৫ দশমিক ১ শতাংশ, চিনির ৬ দশমিক ১ শতাংশ এবং ভোজ্যতেলের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়েছে।
অন্যদিকে, মাংসের দাম ১ দশমিক ১ শতাংশ এবং দুগ্ধজাত পণ্যের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমেছে। এফএও জানায়, হরমুজ প্রণালি ও কৃষ্ণসাগরে জাহাজ চলাচলে বিঘ্নের পাশাপাশি জ্বালানি ও পরিবহন সংকট খাদ্যপণ্যের দামে চাপ তৈরি করছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভোক্তা পর্যায়েও দাম বাড়তে পারে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে সবচেয়ে বেশি বেড়েছে চিনির দাম। আগস্টের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বেড়ে ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এটি। বৈরী আবহাওয়া ও এল নিনোর প্রভাবকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে ভুট্টার ফলন কমে যাওয়া এবং কৃষ্ণসাগর দিয়ে শস্য সরবরাহে বাধার কারণে দানাশস্যের দাম বেড়েছে। যুদ্ধের প্রভাবেও গমের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
BanglaDock