`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নারী ক্রিকেটারদের সুরক্ষায় বিসিবির স্বতন্ত্র কমিটি, কক্সবাজারে বিশেষ কর্মশালা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
নারী ক্রিকেটারদের সুরক্ষায় বিসিবির স্বতন্ত্র কমিটি, কক্সবাজারে বিশেষ কর্মশালা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশের নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং যৌন হয়রানির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের লক্ষ্যে স্বতন্ত্র অভিযোগ কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি যৌন হয়রানি প্রতিরোধ ও সংশ্লিষ্ট নীতিমালা সম্পর্কে সচেতনতা বাড়াতে কক্সবাজারে বিশেষ কর্মশালার আয়োজন করেছে বোর্ড।


২০০৯ সালে হাইকোর্টের দেওয়া নির্দেশনা অনুযায়ী গঠিত এই কমিটিতে বিসিবির কোনো কর্মকর্তা বা কর্মীকে রাখা হয়নি, যাতে অভিযোগ তদন্তে নিরপেক্ষতা বজায় থাকে। পাঁচ সদস্যের কমিটি আপাতত চারজনকে নিয়ে কার্যক্রম শুরু করেছে। পঞ্চম সদস্য হিসেবে শিগগিরই একজন সাবেক ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হবে।


কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার অনিতা গাজী রহমান ও জেরিন মাহমুদ হোসেন। সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চন্দ্রা ব্যানার্জি।


বিসিবির পরিচালক ও নারী ক্রিকেট বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু জানান, কমিটিটি সম্পূর্ণ নারীদের নিয়ে গঠিত এবং নারী ক্রিকেটারদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনার জন্য কাজ করবে। ক্রিকেটাররা এই কমিটির কাছে নির্ভয়ে ও নিঃসংকোচে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের বিষয়ে তথ্য পাওয়ার পর কমিটি বোর্ডকে মৌখিক বা লিখিতভাবে বিস্তারিত জানাবে। সেগুলো খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


জাতীয় ক্রিকেট লিগে অংশ নিতে বর্তমানে কক্সবাজারে রয়েছেন শতাধিক ক্রিকেটার। তাঁদের নিয়ে বুধবার ‘ক্রীড়াঙ্গনে যৌন হয়রানি প্রতিরোধ: নীতিমালা সচেতনতা ও সংবেদনশীলতা’ শীর্ষক কর্মশালার আয়োজন করে বিসিবির নারী বিভাগ। খেলাধুলায় যৌন হয়রানি প্রতিরোধ, সংশ্লিষ্ট নীতিমালা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও সম্মানজনক ক্রীড়া পরিবেশ নিশ্চিত করার বিষয়ে ক্রিকেটারদের ধারণা দেওয়া হয়। নতুন কমিটির সঙ্গে ক্রিকেটারদের সরাসরি যোগাযোগ তৈরি করতেও শিগগিরই আরও সচেতনতামূলক কর্মশালার আয়োজন করবে বোর্ড।


গত বছরের নভেম্বরে সাবেক জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক ও পেসার জাহানারা আলমের অভিযোগকে কেন্দ্র করে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। তিনি অভিযোগ করেন, ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের সময় তৎকালীন নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন। এ ছাড়া মানসিক নির্যাতন, যৌন হয়রানি এবং প্রস্তাবে রাজি না হওয়ায় দুর্ব্যবহারের অভিযোগও তোলেন তিনি। নারী ক্রিকেটের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদসহ টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের আরও কয়েকজনের বিরুদ্ধেও অভিযোগ করেন জাহানারা।


এসব অভিযোগের পর আরও কয়েকজন ক্রিকেটার মুখ খোলেন। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি। পরে সমালোচনার মুখে কমিটির সদস্যসংখ্যা বাড়িয়ে পাঁচ করা হয়। প্রথমে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা জানানো হলেও কয়েক দফা সময় বাড়ানোর পর গত ফেব্রুয়ারির শুরুতে তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়।


জাহানারার করা চারটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটির প্রাথমিক প্রমাণ পায় তদন্ত কমিটি। এর পরিপ্রেক্ষিতে গত ২২ ফেব্রুয়ারি বিসিবির আওতাধীন সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে মঞ্জুরুলকে নিষিদ্ধ করা হয়। বোর্ডের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি দুটি রিট আবেদন করেছিলেন। বুধবার হাইকোর্ট সেই আবেদনগুলো খারিজ করে দিয়েছেন।


তবে জাহানারার অভিযোগে থাকা অন্য ব্যক্তিদের বিষয়ে তখন কোনো তথ্য প্রকাশ করেনি বিসিবি। তদন্ত প্রতিবেদনটিও এখনো প্রকাশ করা হয়নি। এদিকে বাংলাদেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি নিয়ে সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘দ্য হুইসেল’ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী, মহাসচিব পদ থেক

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী, মহাসচিব পদ থেক