শিশুদের পেটে বিশেষ কায়দায় ইয়াবা ঢুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের অভিযোগে শারমিন আকতার ওরফে ইসমত আরা নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তাঁর সঙ্গে থাকা ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. তাওহিদুল ইসলাম। গ্রেপ্তার শারমিন আকতার কক্সবাজারের চকরিয়া থানার পূর্ব ডোমখালী এলাকার বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, শনিবার রাতে আনোয়ারার তৈলারদ্বীপ সেতু-সংলগ্ন গরুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে শারমিন আকতারকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা দুই শিশুকেও হেফাজতে নেওয়া হয়। পরে শিশু দুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় তাদের পেটের ভেতর ইয়াবা সদৃশ বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে।
চিকিৎসার একপর্যায়ে মলত্যাগের মাধ্যমে ৯ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৭টি এবং ১২ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৬টি প্যাকেট বের করা হয়। এসব প্যাকেটে মোট ৬ হাজার ৬১৫টি ইয়াবা ছিল। শিশু দুটিকে কৌশলে ইয়াবার প্যাকেট খাইয়ে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
BanglaDock