কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সিএনজি চালক মো. শওকত আলীকে (২৫) আটক করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে শীলখালী চেকপোস্টে এ অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজিতে তল্লাশির সময় চালকের আসনের নিচে পলিব্যাগে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে সিএনজিসহ চালককে আটক করা হয়। আটক শওকত আলী কক্সবাজারের টেকনাফ উপজেলার মাথাভাঙ্গা গ্রামের মো. নজির আহমদের ছেলে।
বিজিবির জিজ্ঞাসাবাদে শওকত ইয়াবাগুলো টেকনাফ থেকে কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানানো হয়। সিএনজিটি আরও তল্লাশি করে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
BanglaDock