বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হয়েছে বাংলাদেশ। শীর্ষ অবস্থানে রয়েছে চীন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বাংলাদেশ ৩৮.৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় প্রায় ২ বিলিয়ন ডলার বেশি। তবে বছর ব্যবধানে বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় ১ শতাংশ, যেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ।
ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮.১ শতাংশ কমে ৩.২৫ বিলিয়ন ডলারে নেমেছে। তবে এই পতন যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি কমার হার (৯.৩ শতাংশ) থেকে কম।
বিশ্লেষকদের মতে, মার্কিন ক্রেতারা ধীরে ধীরে চীনের ওপর নির্ভরতা কমানোর ফলে বাংলাদেশ তার বৈশ্বিক অবস্থান ধরে রাখতে পেরেছে। তবে ভিয়েতনাম দ্রুত অগ্রসর হচ্ছে এবং ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কম্বোডিয়াও প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করছে।
ডব্লিউটিওর তালিকায় চীনের পর বাংলাদেশ দ্বিতীয়, ভিয়েতনাম তৃতীয়, ভারত চতুর্থ এবং তুরস্ক পঞ্চম স্থানে রয়েছে।
BanglaDock