`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য করতে চায় রাশিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য করতে চায় রাশিয়া ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ভারতীয় রুপিতে নিষ্পত্তির প্রস্তাব দিয়েছে রাশিয়া। রুশ ব্যাংকগুলোর ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে প্রচলিত অর্থ পরিশোধ ব্যবস্থায় যে জটিলতা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-রাশিয়া ‘ইন্টারগভর্নমেন্টাল কমিশন অন ট্রেড, ইকোনমিক, সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন’-এর বৈঠকে এ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের আগে বাংলাদেশের এজেন্ডা চূড়ান্ত করতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রস্তুতিমূলক বৈঠক করবে।


রাশিয়া শুধু ভারতীয় রুপিতে লেনদেন নয়, দুই দেশের মধ্যে একটি স্বতন্ত্র পেমেন্ট অবকাঠামো গড়ে তোলা এবং ঢাকায় একটি রুশ ব্যাংকের শাখা খোলার প্রস্তাবও দিয়েছে।


ইআরডির কর্মকর্তারা জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ ব্যাংকগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক অর্থ পরিশোধ ব্যবস্থায় জটিলতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসেবে ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির প্রস্তাব দিয়েছে মস্কো।


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ঋণের কিস্তির অর্থ রাশিয়ায় পাঠাতে না পারার বিষয়টিও আলোচনায় রয়েছে। বর্তমানে বাংলাদেশ সোনালী ব্যাংকে রাশিয়ার নামে খোলা একটি হিসাবে ঋণের কিস্তির অর্থ জমা দিচ্ছে, তবে নিষেধাজ্ঞার কারণে তা রুশ ব্যাংকগুলোতে স্থানান্তর করা যাচ্ছে না।


এর আগে রাশিয়া চীনা মুদ্রা ইউয়ানে ঋণ পরিশোধের প্রস্তাব দিলেও সম্ভাব্য নিষেধাজ্ঞা ঝুঁকির কারণে চীন ও বাংলাদেশের ব্যাংকগুলো সে প্রস্তাবে আগ্রহ দেখায়নি।


রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বহুমুখীকরণের জন্য ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠন, বাংলাদেশি বস্ত্র সরবরাহকারীদের নিবন্ধনভুক্ত তালিকা তৈরি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে। পাশাপাশি বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সহায়তার কথাও বলা হয়েছে।


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়ায় বাংলাদেশের বার্ষিক রপ্তানি ৫০ কোটি ডলারের বেশি ছিল। তবে যুদ্ধের পর রপ্তানি কমে এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে রাশিয়ায় ২৪ কোটি ৫০ লাখ ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে।


আসন্ন বৈঠকে বাংলাদেশের অগ্রাধিকার থাকবে প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ উৎপাদন, ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, কৃষি, খাদ্য নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন এবং লজিস্টিকস খাতে সহযোগিতা বৃদ্ধি।


আলাদাভাবে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে রাশিয়া সরকার-টু-সরকার ব্যবস্থায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে প্রায় ২ লাখ ৮০ হাজার টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে। আন্তর্জাতিক বাজারদরের তুলনায় প্রতি টনে ১০ ডলার কম দামে সার সরবরাহের প্রস্তাবও দিয়েছে দেশটি।


এ ছাড়া সূর্যমুখী তেল, হলুদ মটরশুঁটি, ছোলা, লাল মসুর ডাল এবং সবুজ মসুর ডাল সরবরাহেও আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। বাংলাদেশ সরকার পারস্পরিক স্বার্থের ভিত্তিতে রাশিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী বলে সংশ্লিষ্ট বৈঠকে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে পাহাড় থেকে পড়ে আহত হাতিটি মারা গেছে

কক্সবাজারে পাহাড় থেকে পড়ে আহত হাতিটি মারা গেছে