কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে একটি নৌকা ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নৌকাডুবির ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার করা দুইজনের মরদেহের মধ্যে এক নারী ও এক শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধার ব্যক্তিরা পুলিশ হেফাজতে রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
স্থানীয়রা জানান, উন্নত জীবন ও চাকরির প্রলোভন দেখিয়ে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাঠানোর জন্য দালালরা টেকনাফের বিভিন্ন এলাকায় জড়ো করেন। পরে রাতের আঁধারে ছোট নৌকায় করে তাদের মালয়েশিয়াগামী নৌযানে তুলে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় কচ্ছপিয়া এলাকায় নৌকাটি ডুবে যায়।
BanglaDock