`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ার আশ্রয়শিবিরে গুলিতে বাংলাদেশি যুবক আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
উখিয়ার আশ্রয়শিবিরে গুলিতে বাংলাদেশি যুবক আহত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ার পালংখালীর ১৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে গুলিতে ওবাইদুল হক (৩০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ক্যাম্পের সি-২ ব্লকের একটি মসজিদের সামনে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুলি ওবাইদুলের ডান পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। তাকে প্রথমে কুতুপালং আশ্রয়শিবিরের এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।


স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, দোকানের বকেয়া টাকা লেনদেন ও পূর্বশত্রুতার জেরে রোহিঙ্গা যুবক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ওবাইদুলের বিরোধ চলছিল। জুমার নামাজ শেষে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ১০ থেকে ১৫ জন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে আসে এবং তাদের একজন ওবাইদুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে।


ওবাইদুলের বড় ভাই জাহাঙ্গীর আলম ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন ওই বাংলাদেশি যুবককে গুলি করা হয়েছে এবং তিনি কেন আশ্রয়শিবিরের মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানিয়েছে, ঘটনার পর ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা আশ্রয়শিবিরে অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৪ দেশ

সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৪ দেশ