কক্সবাজারে বিজিবির রেজুখাল চেকপোস্টে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার সঙ্গে থাকা শিশুকেও আটক করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, শনিবার (২৫ জুলাই) আনুমানিক বিকেল ৫টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল মরিচ্যা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে পায়ে হেঁটে রেজুখাল লাল ব্রিজ অতিক্রমের সময় মোছা. মেহের খাতুন (৪০)-কে তল্লাশি করে। তিনি টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল গ্রামের বাসিন্দা এবং রফিক আলমের স্ত্রী।
তল্লাশির সময় তার শরীরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১১ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং মাদক পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত নারীকে ইয়াবা ও অন্যান্য জব্দ করা মালামালসহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
BanglaDock