জব মার্কেটের সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় করে শিক্ষা খাতে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে উচ্চশিক্ষা নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার সঙ্গে জব মার্কেটকে সমন্বয় করে পুরো ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ ধরে কাজ করছে সরকার।
অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা খাতেও জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা থেকে শুরু করে শিক্ষার সব খাতেই এ বরাদ্দ দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়গুলোর কমপ্লায়েন্স বা নির্ধারিত শর্ত পূরণের বিষয়গুলো আরও দৃশ্যমান করার আহ্বান জানান আমির খসরু। তিনি বলেন, শুধু কার্যক্রম পরিচালনা করলেই হবে না, সেগুলো বার্ষিক প্রতিবেদনে তথ্য ও পরিসংখ্যানসহ তুলে ধরতে হবে।
এভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দৃশ্যমান করা গেলে সুনাম ও রেটিং—দুটিই বাড়বে বলে মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের রেটিংয়ের ক্ষেত্রে গবেষণার পাশাপাশি কীভাবে এবং কোথায় অর্থ ব্যয় করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ বলে জানান অর্থমন্ত্রী।
BanglaDock