সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুসারীর সংখ্যায় বাংলাদেশের তারকাদের মধ্যে নতুন রেকর্ড গড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। দীর্ঘদিন শীর্ষে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে এখন দেশের সর্বাধিক ফেসবুক অনুসারীর অধিকারী তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুই তারকার ভেরিফায়েড ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, পরীমণির অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে শীর্ষস্থান দখল করেছেন পরীমণি।
জানা যায়, গত বছরও দুই তারকার অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। পরবর্তীতে সাকিব আল হাসান কিছু সময় এগিয়ে থাকলেও সর্বশেষ পরিসংখ্যানে তাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন পরীমণি।
দুই তারকার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে উল্লেখযোগ্য পার্থক্যও দেখা গেছে। সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে মাত্র ছয়জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ অনুসরণ করা হয়। এর মধ্যে রয়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি, ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, পাশাপাশি হাসান ফাউন্ডেশন ও ফরচুন বরিশালের অফিসিয়াল পেজ।
অন্যদিকে, পরীমণির ফেসবুক পেজ থেকে ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ অনুসরণ করা হয়। তার অনুসরণ তালিকায় রয়েছেন শাকিব খান, শাবনূর, লিওনেল মেসি, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান, টেইলর সুইফটসহ দেশি-বিদেশি বহু তারকা।
BanglaDock