`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ঢাকা-কক্সবাজার রুটে আরেকটি ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলরত মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করার প্রস্তুতি চলছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ট্রেনটি কক্সবাজার পর্যন্ত চলাচল শুরু করতে পারে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।


বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দুই জোড়া বিরতিহীন আন্তনগর এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দুই জোড়া আন্তনগর ট্রেন চলাচল করছে। নতুন করে মহানগর এক্সপ্রেস কক্সবাজার পর্যন্ত বর্ধিত হলে ঢাকা-চট্টগ্রাম রুটের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরাও সরাসরি ট্রেনে পর্যটন শহরটিতে যাওয়ার সুযোগ পাবেন।


গত ১ আগস্ট চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পরিদর্শনে গিয়ে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছিলেন, যাত্রী চাহিদা বিবেচনায় ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে চার জোড়া ট্রেন চলাচল করলেও তা পাঁচ জোড়ায় উন্নীত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত বিশ্বাস বলেন, কক্সবাজার রুটে প্রচুর যাত্রীর চাহিদা রয়েছে। সেই চাহিদা বিবেচনায় ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলরত মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ট্রেনটি চালুর প্রস্তুতি চলছে। এতে যাত্রীরা স্বস্তি ও নিরাপদে পর্যটন শহরে যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে রেলওয়ের আয়ও বাড়বে।


রেলওয়ের ওয়ার্কিং টাইম টেবিল-৫৪ অনুযায়ী, মহানগর এক্সপ্রেস বর্তমানে ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় এবং চট্টগ্রামে পৌঁছায় দিবাগত রাত সাড়ে ৩টার দিকে। কমলাপুর থেকে ছাড়ার পর বিমানবন্দরসহ মোট ১২টি স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি রয়েছে।


বিমানবন্দর ছাড়া নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও কুমিরা স্টেশনে মহানগর এক্সপ্রেস থামে। এসব এলাকার যাত্রীদের বর্তমানে কক্সবাজার যেতে সড়কপথের ওপর নির্ভর করতে হয়। ট্রেনটি কক্সবাজার পর্যন্ত বর্ধিত হলে তারা সরাসরি রেলপথে পর্যটন শহরটিতে যেতে পারবেন।


রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কক্সবাজার পর্যন্ত চলাচল শুরু হলে মহানগর এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন আনা হবে। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, ঢাকার কমলাপুর থেকে রাত সাড়ে ৮টায় ট্রেনটি ছেড়ে সকাল ৬টার দিকে কক্সবাজারে পৌঁছাবে। কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ফিরতি ট্রেন ছাড়বে সকাল ৯টায়। একদিকে যাত্রায় সময় লাগবে প্রায় সাড়ে ৯ ঘণ্টা।


বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ঢাকার কমলাপুর থেকে রাত ১১টায় ছেড়ে সকাল ৭টা ২০ মিনিটে কক্সবাজারে পৌঁছায়। আর পর্যটক এক্সপ্রেস সকাল সোয়া ৬টায় ঢাকা থেকে ছেড়ে কক্সবাজারে পৌঁছায় বেলা ২টা ৪০ মিনিটে।


রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মহানগর এক্সপ্রেসকে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চালানোর প্রস্তুতি চলছে। ট্রেনটি বর্ধিত করলে কী ধরনের প্রতিবন্ধকতা বা সমস্যা হতে পারে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি কক্সবাজারে ট্রেনটির পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা কীভাবে করা হবে, সেটিও বিবেচনা করা হচ্ছে।


এদিকে মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত চালুর উদ্যোগ নেওয়া হলেও চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলরত আন্তনগর ট্রেনের সেবার মান উন্নয়নের প্রক্রিয়া থমকে আছে। বর্তমানে এ রুটে সৈকত ও প্রবাল এক্সপ্রেস নামে দুই জোড়া আন্তনগর ট্রেন চলাচল করছে। একটিমাত্র রেক দিয়ে চারটি ট্রেন পরিচালনা করায় প্রায়ই সময়সূচি বিঘ্নিত হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।


যাত্রীদের অভিযোগ, চাহিদা বাড়লেও এই রুটের ট্রেনগুলোর অধিকাংশ কোচ পুরোনো ও মানসম্মত নয়। বিশেষ করে এসি বগি ও কেবিন সুবিধা না থাকায় অনেক যাত্রী ট্রেনে ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন। পর্যটননির্ভর এই রুটে উন্নত সেবা নিশ্চিত করা গেলে রেলওয়ের রাজস্ব আয়ের সম্ভাবনাও বাড়তে পারে।


রেলওয়ের পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, সৈকত ও প্রবাল এক্সপ্রেস ১৬টি কোচ নিয়ে চলাচল করে। পুরোনো বগি বাদ দিয়ে প্রতিটি ট্রেনে একটি এসি কেবিন, একটি নন-এসি কেবিন, তিনটি এসি চেয়ার, আটটি শোভন চেয়ার, একটি পাওয়ার কার ও দুটি গার্ড ব্রেক সংযোজনের পরিকল্পনা ছিল। প্রতিটি ট্রেনে প্রায় ৭৫০টি আসন রয়েছে।


তবে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যমান ট্রেনের বগি পরিবর্তন করে এসি বগিসহ উন্নত মানের কোচ সংযোজনের আপাতত কোনো সম্ভাবনা নেই। নতুন কোচ আমদানি করা হলে তখন বগিগুলো পরিবর্তন করা হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, তানজিদের সেঞ্চুরিতে মুগ্ধ ক্রিকে

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, তানজিদের সেঞ্চুরিতে মুগ্ধ ক্রিকে