মহাসড়কে চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়ম ক্যামেরার মাধ্যমে নজরদারিতে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মালিকপক্ষ, শ্রমিক সংগঠন কিংবা পুলিশের পক্ষ থেকে মহাসড়কে কোনো ধরনের চাঁদাবাজি হলে তা ক্যামেরায় রেকর্ড থাকবে। এতে চাঁদাবাজির প্রবণতা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নতুন এই ব্যবস্থায় নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং ও উল্টো পথে চলাচলসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। পরে গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইলে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। একাধিকবার জরিমানা হলে আইন অনুযায়ী গাড়ির নিবন্ধন বাতিলের বিষয়টি বিবেচনা করা হবে।
প্রাথমিকভাবে সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়কে ১ হাজার ৪২৭টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মেঘনাঘাটে স্থাপন করা হয়েছে ডাটা সেন্টার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অভিজ্ঞতা ও ত্রুটি পর্যালোচনা করে পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
BanglaDock