প্রায় ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাঁদের ভোটেই নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।
এবারের নির্বাচনে মুখোমুখি হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অলি আহমদ।
ভোটগ্রহণের জন্য সংসদ কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হবে। সংসদ সদস্যরা নির্ধারিত পদ্ধতিতে ভোট দিয়ে ব্যালট বাক্সে ব্যালট জমা দেবেন। ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে।
গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করবেন। এরপর আজই নির্বাচন কমিশন থেকে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিনই ফল ঘোষণা ও গেজেট প্রকাশের প্রস্তুতি রয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দিয়েছিলেন। এরপর পরবর্তী সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে প্রায় ৩৫ বছর পর এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন।
BanglaDock