সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বর্তমান অবস্থান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দল থেকে বহিষ্কারের পর তিনি কোথায় রয়েছেন, সে বিষয়ে তার স্বজন কিংবা দলীয় নেতারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।
গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ কয়েকজন স্বজনের দাবি, ভিডিও প্রকাশের পর থেকেই তিনি কারও সঙ্গে যোগাযোগ করছেন না। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যরাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান জানান, ঘটনার পর থেকে গাজী নজরুল ইসলামের সঙ্গে দলের কোনো যোগাযোগ হয়নি। তবে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি বলেন, নজরুল বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে তাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই।
সম্প্রতি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে দলীয় তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
দলের পক্ষ থেকে জানানো হয়, গত ২২ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত জরুরি বৈঠকে গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
BanglaDock