খাওয়ার পর কিছুক্ষণ হাঁটার অভ্যাস রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যাদের প্রিডায়াবেটিস, টাইপ-২ ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি রয়েছে, তাদের জন্য এই অভ্যাসটি বেশ উপকারী।
বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার ৩০ থেকে ৯০ মিনিটের মধ্যে রক্তে গ্লুকোজের মাত্রা সাধারণত সবচেয়ে বেশি থাকে। এ সময় হালকা শরীরচর্চা করলে পেশিগুলো রক্ত থেকে সরাসরি গ্লুকোজ ব্যবহার করতে শুরু করে। ফলে রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি নিয়ন্ত্রণে থাকে এবং ইনসুলিনের কার্যকারিতাও উন্নত হয়।
গবেষণায় দেখা গেছে, খাবার শেষ হওয়ার পর ভারী ব্যায়াম না করে ১০ থেকে ১৫ মিনিট আরামদায়ক গতিতে হাঁটলেই উল্লেখযোগ্য উপকার পাওয়া যায়। এমনকি সময়ের অভাব থাকলেও মাত্র ২ থেকে ৫ মিনিট হাঁটাও রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়ক হতে পারে।
বিশেষজ্ঞরা আরও বলছেন, দিনে একবার ৩০ মিনিট হাঁটার চেয়ে প্রতিটি প্রধান খাবারের পর ১০ মিনিট করে হাঁটা রক্তে শর্করা নিয়ন্ত্রণে বেশি কার্যকর হতে পারে।
খাওয়ার পর হাঁটার অভ্যাস শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণেই নয়, হজম প্রক্রিয়াতেও সহায়তা করে। এতে অন্ত্রের স্বাভাবিক নড়াচড়া বাড়ে, খাবার দ্রুত হজম হয় এবং পেট ফাঁপা, গ্যাস বা অতিরিক্ত ভারী লাগার মতো সমস্যাও কমতে পারে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, খাবার শেষ করার পর প্রথম ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই হালকা হাঁটা সবচেয়ে উপকারী। তবে হাঁটার গতি যেন আরামদায়ক থাকে, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন।
যাদের ডায়াবেটিস রয়েছে বা অন্য কোনো শারীরিক সমস্যা আছে, তাদের নতুন ব্যায়ামের অভ্যাস শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
BanglaDock