`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

শিশুকে সুন্দর করে কথা বলার অভ্যাস করাতে যা করবেন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
শিশুকে সুন্দর করে কথা বলার অভ্যাস করাতে যা করবেন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

শিশুর সুন্দর ও স্পষ্টভাবে কথা বলার দক্ষতা ছোটবেলা থেকেই গড়ে তোলা যায়। শুধু পড়াশোনা বা মুখস্থ জ্ঞান নয়, নিজের ভাবনা সহজ ও গুছিয়ে প্রকাশ করতে পারাও গুরুত্বপূর্ণ দক্ষতা। নিয়মিত চর্চা ও পরিবারের সহায়ক পরিবেশে শিশুর আত্মবিশ্বাসীভাবে কথা বলার অভ্যাস তৈরি হতে পারে।


আয়নার সামনে এক মিনিট কথা বলান


শিশুকে আয়নার সামনে দাঁড় করিয়ে তার পছন্দের খেলনা, খাবার, কার্টুন কিংবা স্কুলের কোনো ঘটনা নিয়ে এক মিনিট কথা বলতে বলা যেতে পারে। শুরুতে সে থেমে যেতে পারে বা একই কথা বারবার বলতে পারে। তখন ভুল ধরিয়ে না দিয়ে পুরো কথাটি শেষ করার সুযোগ দিতে হবে। এতে ধীরে ধীরে ভাবনা গুছিয়ে বলার অভ্যাস তৈরি হবে।


পরিবারের সবাই অংশ নিন


কথা বলার অনুশীলনকে খেলায় পরিণত করা যায়। পরিবারের সবাই মিলে একটি বিষয় ঠিক করে পালাক্রমে কথা বলতে পারেন। যেমন—‘আমার পছন্দের জায়গা’ বা ‘আজকের দিনটি কেমন গেল’। এতে শিশু একটি বিষয়ের শুরু, মাঝ ও শেষ সম্পর্কে ধারণা পাবে। পাশাপাশি বাবা-মায়ের কথা বলার ধরনও তার শেখার অংশ হয়ে উঠবে।


ভালো বক্তা হওয়ার আগে ভালো শ্রোতা


শিশু যখন কিছু বলতে চায়, তখন তাকে মাঝপথে থামিয়ে না দিয়ে মনোযোগ দিয়ে শোনা জরুরি। নিজের কথা বলার সুযোগ পেলে শিশুর আত্মবিশ্বাস বাড়ে। দিনের শেষে গল্পের সময়, পারিবারিক আড্ডা কিংবা কোনো অনুষ্ঠানে তাকে কবিতা, গল্প বা নিজের অভিজ্ঞতা বলার সুযোগ দেওয়া যেতে পারে।


নিজের কথা রেকর্ড করে শুনতে দিন


মোবাইলের রেকর্ডার ব্যবহার করে শিশুর কথা রেকর্ড করা যেতে পারে। পরে নিজের কণ্ঠ শুনলে সে বুঝতে পারবে কোথায় বেশি দ্রুত কথা বলছে, কোথায় থামছে বা কোন শব্দ বারবার ব্যবহার করছে। তবে ভুল নিয়ে সমালোচনা না করে কোথায় উন্নতি করা যায়, তা বন্ধুত্বপূর্ণভাবে বোঝানো উচিত।


গল্প বলার খেলায় অভ্যস্ত করুন


বাবা-মা একটি গল্পের কয়েকটি লাইন বলার পর শিশুকে নিজের কল্পনা দিয়ে গল্পটি এগিয়ে নিতে বলা যেতে পারে। পরিবারের অন্য সদস্যরাও পালাক্রমে গল্পে নতুন ঘটনা যোগ করতে পারেন। এতে শিশুর কল্পনাশক্তির পাশাপাশি দ্রুত চিন্তা করা, শব্দ নির্বাচন এবং নিজের ভাবনা বাক্যে প্রকাশের দক্ষতা বাড়ে।


বই পড়ার অভ্যাস গড়ে তুলুন


শিশুর শব্দভান্ডার সমৃদ্ধ করতে বয়স উপযোগী গল্পের বই, ছড়া, রূপকথা ও অন্যান্য সাহিত্য পড়ার সুযোগ দিতে হবে। বই পড়ার পর শুধু প্রশ্ন না করে তাকে বলতে পারেন, ‘গল্পটা তোমার নিজের ভাষায় বলো।’ এতে পড়া ও বোঝার পাশাপাশি নিজের ভাষায় তা প্রকাশ করার অভ্যাস তৈরি হবে।


সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, শিশুকে কথা বলার সময় ভুল করার সুযোগ দেওয়া। নিয়মিত কথোপকথন, মনোযোগ দিয়ে শোনা, বই পড়া এবং খেলাচ্ছলে অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে তার ভাষা, প্রকাশভঙ্গি ও আত্মবিশ্বাস আরও পরিণত হতে পারে। পরিবারের ইতিবাচক পরিবেশই হতে পারে শিশুর সুন্দরভাবে কথা বলার প্রথম অনুশীলনের জায়গা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স