নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রকাশ করেছে। সর্বশেষ হালনাগাদে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন নতুন ভোটার যুক্ত হওয়ায় দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।
রোববার (৯ আগস্ট) স্থানীয় নির্বাচন কার্যালয়গুলোতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। একই দিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে নতুন ভোটার হিসেবে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন নিবন্ধিত হয়েছেন। এর আগে ১৪ মে প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন আপাতত এই হালনাগাদ তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের সময়সূচিতে পরিবর্তন এলে বা ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হলে পরবর্তীতে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।
তিনি আরও জানান, দাবি ও আপত্তি নিষ্পত্তির পর আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশন এ বছরের অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা করেছে।
এদিকে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য খসড়া আচরণবিধি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব। আইন সংশোধন সংক্রান্ত প্রস্তাবও প্রক্রিয়াধীন রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বা প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেনি। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।
BanglaDock