`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, অন্য শ্রেণিতে পরীক্ষা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, অন্য শ্রেণিতে পরীক্ষা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম লটারির মাধ্যমেই পরিচালিত হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি ছাড়া অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে দ্বিতীয় শ্রেণি থেকে শুরু করে অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট ২০২৬ প্রকাশ করা হবে।


এর আগে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালু করা হবে। সে সময় তিনি বলেন, লটারির পরিবর্তে পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়ার ব্যবস্থা করা হবে এবং আগাম এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হচ্ছে, যাতে সবাই প্রস্তুতির সুযোগ পায়।


উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে প্রথমবারের মতো লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা চালু করা হয়। ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি কার্যকর হয়। সে সময় দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হতো।


পরে কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়। এরপর থেকে একই পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি হয়ে আসছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে লটারি ব্যবস্থা বহাল থাকলেও অন্যান্য সব শ্রেণিতে আবারও ভর্তি পরীক্ষা চালু হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সোনাদিয়ার চরে মিলল নিখোঁজ পর্যটক ইব্রাহিমের মরদেহ

সোনাদিয়ার চরে মিলল নিখোঁজ পর্যটক ইব্রাহিমের মরদেহ