মিরপুর টেস্টে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের ব্যাটার সাদমান ইসলাম। তবে তাঁর শতকের পরও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। শেষ সাত উইকেট মাত্র ৫৯ রানে হারিয়ে ২৭২ রানে অলআউট হয় স্বাগতিকরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাদমান স্বীকার করেন, টপ অর্ডারের ব্যাটাররা ইনিংস আরও বড় করতে পারলে বাংলাদেশের সংগ্রহ ৪৫০ থেকে ৫০০ রান পর্যন্ত হতে পারত।
সাদমান বলেন, সকালে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় পরিস্থিতি বদলে যায়। লিটন দাসের সঙ্গে ব্যাটিংয়ের সময় তিনি আরও কিছুক্ষণ টিকে থাকতে পারলে কিংবা ইনিংস বড় করতে পারলে দলের অবস্থান ভিন্ন হতে পারত। তাঁর ভাষায়, ‘সেখানেই একটা ভুল হয়ে গেছে।’
তিনি আরও বলেন, টপ অর্ডারের ব্যাটাররা ব্যক্তিগত ইনিংস ১৫০, ১৭০ কিংবা ২০০ রানে নিতে পারলে দলের সংগ্রহ অনেক বড় হতো। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে ইনিংস যতটা সম্ভব বড় করার চেষ্টা থাকবে বলেও জানান তিনি।
প্রায় দেড় বছর পর টেস্টে সেঞ্চুরি পেলেন সাদমান। এর আগে কয়েকটি ইনিংসে পঞ্চাশ পেরোলেও তিন অঙ্কের দেখা পাননি তিনি।
নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে সাদমান বলেন, উইকেট নিয়ে শুরু থেকে আলাদা কোনো চিন্তা করেননি। বল বুঝে খেলার পরিকল্পনা নিয়েই ব্যাটিং করেছেন। মিরপুরের উইকেটে দিনের শুরুতে ও শেষ দিকে ব্যাটারদের কিছুটা সমস্যায় পড়তে হয় বলেও উল্লেখ করেন তিনি।
BanglaDock