আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ও শুক্রবার (৭ আগস্ট) দেশের আট বিভাগের অধিকাংশ এলাকাতেই একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। শনিবার (৮ আগস্ট) বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকলেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার (৯ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেঁতুলিয়ায় ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে সর্বোচ্চ ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে।
BanglaDock