`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বরিশালের উজিরপুর পৌরসভায় স্থানীয়দের উদ্যোগে নির্মিত একটি অস্থায়ী বাঁশের সাঁকো লাল ফিতা কেটে উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। ঢোল-বাদ্য, বেলুন ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মানুষের চলাচলের সুবিধার জন্য স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে প্রায় ২০০ ফুট দীর্ঘ সাঁকোটি নির্মাণ করেন। এতে বাঁশের পাশাপাশি সুপারিগাছও ব্যবহার করা হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ফুল ও বেলুন দিয়ে পুরো এলাকা সাজানো হয়। লাল ফিতা কাটা ছাড়াও ঢোল-বাদ্য, বয়াতিদের গান এবং মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।


অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে। অনেকেই এটিকে ‘লোকদেখানো আয়োজন’ বলে সমালোচনা করেছেন। তাদের প্রশ্ন, যোগাযোগব্যবস্থার স্থায়ী সমাধানের পরিবর্তে একটি অস্থায়ী বাঁশের সাঁকো উদ্বোধন কতটা যৌক্তিক।


অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের একটি অংশ মনে করছেন, দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে নিজেদের উদ্যোগে সাঁকো নির্মাণ একটি ইতিবাচক পদক্ষেপ।


এ বিষয়ে শহিদুল ইসলাম খান বলেন, সাঁকো উদ্বোধনের আগাম কোনো পরিকল্পনা তাঁর জানা ছিল না। স্থানীয় মানুষ চলাচলের কষ্টের কথা জানিয়ে তাঁকে সেখানে নিয়ে যান এবং উপস্থিত লোকজনের অনুরোধে তিনি লাল ফিতা কাটেন।


তিনি আরও বলেন, গান-বাজনা ও মিষ্টি বিতরণের আয়োজনও স্থানীয় বাসিন্দারাই করেছিলেন এবং পুরো আয়োজনটি তাদের উৎসাহ ও অংশগ্রহণে সম্পন্ন হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা প্রদান শুরু আজ, ৭৪ হাজার আবেদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা প্রদান শুরু আজ, ৭৪ হাজার আবেদন