২৪ আগস্ট থেকে ইউটিউব পাবলিক ভিউ গণনায় নতুন ‘ফাস্ট-ফ্রেম’ বা ‘এক্সপোজার-বেজড’ পদ্ধতি চালু করেছে। নতুন নিয়মে কোনো ভিডিও প্লে হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ প্রথম ফ্রেম দর্শকের সামনে এলেই সেটি পাবলিক ভিউ হিসেবে গণনা হবে।
এর ফলে দর্শক ভিডিওতে ঢোকার কয়েক মুহূর্তের মধ্যেই বেরিয়ে গেলেও সেই প্লে পাবলিক ভিউয়ের হিসাবে যুক্ত হবে। ইউটিউবের শর্টস ভিডিওতেও এর আগে একই ধরনের গণনা পদ্ধতি চালু করা হয়েছিল।
আগে আপলোড করা ভিডিওগুলোর পুরোনো ভিউ নতুন নিয়মে পুনরায় গণনা করা হবে না। তবে ২৪ আগস্টের পর ওই ভিডিওতে নতুন যে প্লে হবে, সেগুলো নতুন পদ্ধতিতে গণনা হবে।
নতুন নিয়মে বিশেষ করে নিউজ, বিনোদন ও স্পোর্টসের মতো বেশি ভিউ পাওয়া চ্যানেলের পাবলিক ভিউ দ্রুত বাড়তে পারে। তবে পাবলিক ভিউ বাড়লেই দর্শকের এনগেজমেন্ট বা ওয়াচ টাইম একই হারে বাড়বে—এমন নয়।
ইউটিউবের অ্যানালিটিকসে পাবলিক ভিউ, এনগেজড ভিউ, ওয়াচ টাইম, গড় ভিউ সময় ও ইউনিক ভিউয়ার আলাদাভাবে পরিমাপ করা হবে। ফলে কনটেন্টের প্রকৃত জনপ্রিয়তা বুঝতে শুধু পাবলিক ভিউয়ের ওপর নির্ভর না করে এসব মেট্রিকও বিবেচনা করতে হবে।
নতুন নিয়ম সরাসরি মনিটাইজেশন বা আয়ের পরিমাণ বাড়াবে না। কোনো ভিডিওর পাবলিক ভিউ হঠাৎ বেড়ে গেলেও সেটিকে সরাসরি রাজস্ব বৃদ্ধির সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ নেই।
বিশেষজ্ঞদের মতে, নতুন পদ্ধতিতে নিউজ ও মিডিয়া চ্যানেলগুলোর ক্ষেত্রে রিপোর্টিং কাঠামোতে পরিবর্তন আনা প্রয়োজন হতে পারে। ভবিষ্যতে একটি ভিডিও কত ভিউ পেয়েছে তার পাশাপাশি কতক্ষণ দেখা হয়েছে, কতজন দর্শক ধরে রাখা গেছে এবং কতটা এনগেজমেন্ট তৈরি হয়েছে—এসব বিষয় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
BanglaDock