গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট।
দুপুর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে আয়োজিত সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানান, কারখানার সাততলা ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে। সেখানে ইনজেকশনসহ জরুরি ওষুধ থাকায় আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের সৃষ্টি হয়।
তিনি জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ফায়ার সার্ভিসের একজন কর্মী শ্বাসকষ্টে আক্রান্ত হলে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডে কারখানাটির ইউনিট-২-এর সাততলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও পরিস্থিতির অবনতি হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে টঙ্গী, সাভার, গাজীপুর, আশুলিয়া ও ঢাকাসহ বিভিন্ন স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। আগুন নিয়ন্ত্রণে তাঁদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের সদস্যরাও কাজ করেন।
আগুনের কারণে ঘটনাস্থলের আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকায় গণপরিবহন চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল জানান, প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনীর সহায়তা নেওয়া হয়।
BanglaDock