কক্সবাজারের সিনিয়র সাংবাদিক, লেখক ও সমুদ্র পরিবেশবিষয়ক গবেষক আহমদ গিয়াস মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
আহমদ গিয়াস দৈনিক ইত্তেফাক ও যায়যায়দিনের সাবেক প্রতিনিধি এবং চট্টগ্রামের প্রাচীনতম দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি লেখালেখি ও সমুদ্র পরিবেশবিষয়ক গবেষণায় যুক্ত ছিলেন।
তাঁর ছেলে আবরার জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কক্সবাজার শহরতলির দরিয়ানগর এলাকার একটি চায়ের দোকানে চা পান করার সময় হঠাৎ পড়ে যান আহমদ গিয়াস। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহমদ গিয়াস কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা রশিদ আহমেদের সন্তান। তিনি স্ত্রী, তিন সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার দুপুরে দরিয়ানগর এলাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আসরের নামাজের পর কক্সবাজার প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা এবং চকরিয়ার খুটাখালী কেন্দ্রীয় জামিয়া মসজিদে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার প্রেসক্লাব, কক্সবাজার আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
BanglaDock