বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লেবুভর্তি দুটি পরিত্যক্ত বস্তা থেকে ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আদর্শগ্রাম চেকপোস্টের কাছে স্টিলের ব্রিজের নিচে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় লেবুভর্তি দুটি পরিত্যক্ত বস্তা তল্লাশি করে মালিকবিহীন ১০ কাটে ৯৯ হাজার ৬৪০ পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধার করা ইয়াবার জব্দমূল্য ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য ইয়াবাগুলো সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং মাদক পাচার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।
BanglaDock