কক্সবাজারের টেকনাফে র্যাবের বিশেষ চেকপোস্টে বসিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় সিপিসি-১ র্যাব ক্যাম্পের সামনে বিশেষ চেকপোস্ট বসানো হয়। পরে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে সিএনজি অটোরিকশার নিচে বাম পাশের চাকার পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সিএনজির চালক মো. মোবারক (১৯) কে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
BanglaDock