`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চীনের বিনিয়োগে মহেশখালীতে তৃতীয় এলএনজি টার্মিনাল, গ্যাস বাড়বে ৬০০ মিলিয়ন ঘনফুট

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
চীনের বিনিয়োগে মহেশখালীতে তৃতীয় এলএনজি টার্মিনাল, গ্যাস বাড়বে ৬০০ মিলিয়ন ঘনফুট ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে চীনের চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড (সিএনইই) এ টার্মিনাল স্থাপন করবে। এটি চালু হলে জাতীয় গ্রিডে প্রতিদিন আরও ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।


চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং দেশে বাড়তে থাকা বিদেশি বিনিয়োগের চাহিদা বিবেচনায় আগামী দুই বছরের মধ্যে গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের পাশাপাশি দেশীয় উৎপাদন বাড়াতে নতুন গ্যাস কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পায়রা অথবা মোংলা বন্দরে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।


জ্বালানি বিভাগ সূত্র জানায়, সিএনইইর প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। শিগগিরই প্রস্তাবটি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হবে। সম্প্রতি জ্বালানি সচিবের নেতৃত্বে জিটুজি কমিটির বৈঠকে চীনা প্রতিষ্ঠানের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নানের নেতৃত্বে গঠিত মূল্যায়ন কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে জ্বালানি বিভাগে প্রতিবেদন জমা দেয়।


গত ২৮ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিএনইইর প্রস্তাবটি নীতিগত অনুমোদন পায়। প্রস্তাব অনুযায়ী, ২২ মাসের মধ্যে টার্মিনালটি চালু করা সম্ভব হবে এবং সেখান থেকে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।


প্রস্তাব অনুযায়ী, টার্মিনালটির এলএনজি সংরক্ষণ ক্ষমতা হবে ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার। স্বাভাবিক সময়ে প্রতিদিন ৬০০ মিলিয়ন ঘনফুট এলএনজি রিগ্যাসিফিকেশন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। সিএনইই একটি জাহাজ কিনে সেটিকে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট বা এফএসআরইউতে রূপান্তর করবে। এতে ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে।


এ প্রকল্প বাস্তবায়নে বিল্ড-অউন-অপারেট (বিওও) পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ সিএনইই নিজস্ব অর্থায়নে এফএসআরইউটি কুতুবজোমে এনে পরিচালনা করবে এবং ১৫ বছর পর জাহাজটি সরিয়ে নেবে। আগস্টে তৃতীয় টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়ে জ্বালানি বিভাগের সঙ্গে সিএনইইর অন্তত চারটি বৈঠক হয়েছে। এসব বৈঠকে জ্বালানি বিভাগ, বুয়েট, আইন মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কর্মকর্তারাও অংশ নেন।


বর্তমানে মহেশখালীতে আমদানি করা এলএনজি রিগ্যাসিফিকেশন করে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। একটি পরিচালনা করছে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি এবং অন্যটি সামিট। দুটি টার্মিনালের সম্মিলিত সরবরাহ সক্ষমতা প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। তবে এলএনজির প্রাপ্যতা ও টার্মিনালের পরিচালনাগত অবস্থার ওপর প্রকৃত সরবরাহ কমবেশি হয়। কোনো একটি টার্মিনালে সমস্যা দেখা দিলে গ্যাস সংকট আরও তীব্র হয়ে ওঠে।


জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন, তৃতীয় টার্মিনাল চালু হলে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এতে শিল্পাঞ্চল, বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানায় গ্যাস সরবরাহের স্থিতিশীলতা বাড়তে পারে। টার্মিনালটি স্থাপনে কমপক্ষে ৪৫ কোটি ডলার ব্যয় হবে এবং চালু হতে প্রায় ২২ মাস সময় লাগবে।


বর্তমানে দেশে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে এলএনজি থেকে প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটসহ মোট ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে। তৃতীয় টার্মিনাল চালু হলে সরবরাহ বেড়ে প্রায় ৩ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াতে পারে।


দেশে বাড়তে থাকা বিদেশি বিনিয়োগের কারণে ভবিষ্যতে জ্বালানির চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের আনোয়ারায় চীনা বিনিয়োগে চাইনিজ ইকোনমিক জোনের অবকাঠামো নির্মাণের কাজ এগিয়ে চলছে। সেখানে কয়েকশ শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মীরসরাই অর্থনৈতিক অঞ্চলও শিল্পায়নের দিকে এগোচ্ছে। এসব শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তৃতীয় এলএনজি টার্মিনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এলএনজি টার্মিনালের পাশাপাশি দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতেও নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন মির্জা ফখরুল

২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন মির্জা ফখরুল