কক্সবাজারের উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. সাইফুদ্দীন (২১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বুধবার (৭ অক্টোবর) রাতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাইসাখালী সাইদুল বাসারের ঘেরের পশ্চিম পাশে বেড়ির ওপর দিয়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবির টহল দলের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
আটক সাইফুদ্দীন উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-৯-এর এ ব্লক-১-এর বাসিন্দা। তল্লাশির সময় তার হাতে থাকা পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের চার কার্টনে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুদ্দীন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন। মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
BanglaDock