প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিগগিরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে অন্যায়ভাবে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে রাজশাহী পিটিআই সভাকক্ষে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, প্রাথমিকের শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কোনো বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, প্রাথমিক শিক্ষার জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে সরকারি ও বেসরকারি সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার মান উন্নয়নের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষকদের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নতুন পে-স্কেল তৈরির কাজও চলছে বলে জানান প্রতিমন্ত্রী। এতে শিক্ষকরা সন্তুষ্ট হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী বছরের মধ্যেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে তৃতীয় ভাষা শেখানোর ব্যবস্থাও করা হবে।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
BanglaDock