`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সেন্টমার্টিনে খতনার পর ৫৫ শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
সেন্টমার্টিনে খতনার পর ৫৫ শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের সেন্টমার্টিনে খতনা করানোর পর অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণের ঘটনায় অসুস্থ শিশুদের চিকিৎসা দিতে টেকনাফ থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে দলটি সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়।


মেডিকেল টিমে রয়েছেন শিশু বিশেষজ্ঞ ডা. নওশাদ আলম কানন, ডা. আশরাফুল ইসলাম ও উপসহকারী শাওখাত হোসেন মিতু। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এনামুল হক জানান, দুই চিকিৎসকসহ টিমটিকে প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে পাঠানো হয়েছে। তারা শিশুদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পাশাপাশি অসুস্থতার কারণও খতিয়ে দেখবে।


গত শনিবার সেন্টমার্টিন অবকাশ রিসোর্টে ‘আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও সুন্নতে খতনা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, একজন এমবিবিএস চিকিৎসকের নেতৃত্বে ১৪ সদস্যের মেডিকেল টিম ৫ থেকে ১৫ বছর বয়সী ২১০ শিশুর খতনা করে।


সেন্টমার্টিন হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত দুই দিনে খতনা করানো ৫৫ শিশু ইনফেকশন ও অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে মো. ফয়সাল ও ৯ বছর বয়সী আইনুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানা গেছে।


সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম বলেন, গত দুই দিনে অর্ধশতাধিক খতনা করানো রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অনেকের ইনফেকশন হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।


এ ঘটনায় দ্বীপের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, খতনা করানোর সময় স্বাস্থ্যবিধি ও চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় সতর্কতা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। তবে অসুস্থতার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী জানান, মেডিকেল টিমকে শিশুদের চিকিৎসার পাশাপাশি অসুস্থতার কারণ খতিয়ে দেখতে বলা হয়েছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলামও শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার কথা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সেন্টমার্টিনে পরিবেশ অধিদপ্তরের বৃক্ষরোপণ ও কেয়া চারা বিতরণ

সেন্টমার্টিনে পরিবেশ অধিদপ্তরের বৃক্ষরোপণ ও কেয়া চারা বিতরণ