কক্সবাজারের উখিয়ায় তিন মাসের বিশেষ অভিযানে ৬০৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ৩ লাখ ৩১ হাজার ৮৬৮ পিস ইয়াবাসহ দেশীয় তৈরি চোলাই মদ, গাঁজা, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৬৭ জন কিশোর গ্যাং সদস্যকেও আটক করা হয়েছে। ২০২৬ সালের ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানের অপরাধ ও অভিযানসংক্রান্ত পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশের তথ্যমতে, গত ৯০ দিনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৬১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২ জন, ১৫১ ধারায় ১২ জন এবং দণ্ডবিধির ২৯০ ধারায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ২৩৯ জন এবং নিয়মিত মামলায় ১৮৯ জনকে গ্রেপ্তার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ৩২ জনকে।
অভিযানে ৩ লাখ ৩১ হাজার ৮৬৮ পিস ইয়াবা, ১১৮ দশমিক ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় চারটি টমটম, একটি সিএনজি ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি ও একটি ছোরা। এ ছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৫৪ বস্তা সার ও ২ হাজার পিস ইনজেকশন উদ্ধার করেছে পুলিশ।
একই সময়ে উখিয়া থানায় ২৬৩টি জিআর মামলা দায়ের হয়েছে। এর বিপরীতে নিষ্পত্তি করা হয়েছে ২৫৭টি মামলা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, অস্ত্রধারী এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ও অপরাধমুক্ত উখিয়া গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
BanglaDock