`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026 ইং
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী সশস্ত্র চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত সৈনিকের নাম মো. তিতাস শেখ। তাঁর বয়স ২৭ বছর।


বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে। অভিযানে জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালিকে জিম্মি করে রেখেছে বলে জানা যায়। পরে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও স্থানীয় পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।


বিকেল ৫টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সশস্ত্র পাচারকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় সৈনিক তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থার অবনতি হলে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


অভিযানে উদ্ধার হওয়া ৫৭ জনের মধ্যে রোহিঙ্গা ও বাঙালি নাগরিক রয়েছেন। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, অস্ত্র উদ্ধার ও মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধারে জেলা পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য আহত হন। কক্সবাজারের পুলিশ সুপার এএনএস সাজেদুর রহমান জানান, পাহাড়ে যৌথ অভিযান চলছিল। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।


স্থানীয় সূত্রের দাবি, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই পাহাড়ি আস্তানায় অর্ধশতাধিক মানুষকে আটকে রেখেছিল চক্রটি। এ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পের মো. আলম ও মো. সাদ্দাম ডাকাত জড়িত বলে জানা গেছে।


এর আগের দিন বুধবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী বন বিট কার্যালয়ের পাশের একটি পাহাড় থেকে নির্যাতনের শিকার চার যুবককে উদ্ধার করে পুলিশ। তাঁদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় অন্য দুজনকে। নিহতরা হলেন মোকতার কামাল ও মোহাম্মদ আকবর। আহত ইলিয়াস ও আলী আহমদকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।


স্থানীয় সূত্রের দাবি, হ্নীলা এলাকায় মাদক কারবারে পাঁচ থেকে সাতটি দল সক্রিয় রয়েছে। এসব দলের সদস্যদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলেও অভিযোগ রয়েছে। মাদক কারবারের নিয়ন্ত্রণ ও লেনদেনকে কেন্দ্র করে সেখানে প্রায়ই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটছে। এতে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল মাছ, দেখতে ভিড়

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল মাছ, দেখতে ভিড়