কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় নদীপথে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৮ জুলাই রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল দক্ষিণ রহমতের বিল এলাকায় অভিযান চালায়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, টহল দল নদীপথে মিয়ানমার থেকে বস্তা মাথায় করে একজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হলে তাকে থামার সংকেত দেয়। এ সময় ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
আটক ব্যক্তির নাম মো. মনজুর আলী (৪০)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার দক্ষিণ রহমতের বিল এলাকার বাসিন্দা।
তল্লাশি চালিয়ে তার বহন করা বস্তা থেকে খাকি রঙের প্যাকেটের ভেতরে রাখা ১২ কার্টনে মোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে বিজিবি জানিয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে অভিযান পরিচালনা করে আসছে।
BanglaDock