কক্সবাজারের উখিয়ায় নদীপথে পাচারের সময় আনুমানিক ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক।
আটক ব্যক্তি হলেন উখিয়া উপজেলার এফডিএমএস এফডব্লিউ ই-১৮ এলাকার বাসিন্দা হাফিজ উল্লাহ (২১)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে সীমান্তবর্তী আনজুমানপাড়া গ্রামের খালের মুখ এলাকায় বিশেষ টহল দল অবস্থান নেয়। এ সময় মিয়ানমারের দিক থেকে এক ব্যক্তি মাথায় একটি বস্তা নিয়ে নদীপথে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করা হয়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।
পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর ১২টি কার্টনে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
BanglaDock