কক্সবাজারের উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন ৬ লাখ ৭২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে বালুখালী ও পালংখালী বিওপির যৌথ টহল দল আঞ্জুমানপাড়া ও ফাইসাখালী এলাকায় এ অভিযান চালায়।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৯টা ১০ মিনিটের দিকে বিজিবির বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার দিকে থার্মাল ডিভাইসের মাধ্যমে ৭ থেকে ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।
বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা হাতে থাকা পাঁচটি বস্তা ফেলে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা মোট ৬ লাখ ৭২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় ওই এলাকায় দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের আটকের জন্য বিজিবি চিরুনি অভিযান চালালেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি সীমান্ত নিরাপত্তা এবং মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
BanglaDock