কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। আগুনের শিখা বৈদ্যুতিক খুঁটির তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আওতাধীন প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তখনও আগুন জ্বলছিল। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মাটির নিচে গ্যাসের উপস্থিতি এখনো নিশ্চিত হয়নি।
উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, আগুনের শিখা বৈদ্যুতিক খুঁটির তারে লেগে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে নিরাপত্তার স্বার্থে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আগুনের প্রকৃত কারণ নির্ধারণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
BanglaDock