শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে কক্সবাজারের টেকনাফ শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় বিষ্ণু মন্দির পরিদর্শন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি মন্দির পরিদর্শন করেন। এ সময় মন্দিরের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি মন্দির পরিচালনা কমিটি এবং স্থানীয় সনাতন ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া সতর্কতামূলক পদক্ষেপ সম্পর্কেও তাঁদের অবহিত করেন তিনি।
পরিদর্শনকালে এসআরবি-১৫ অধিনায়ক বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে এসআরবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে গুজব ছড়ানো, অপতৎপরতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিরোধে এসআরবি-১৫ তৎপর রয়েছে। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
BanglaDock