কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালীতে মাছের ঘেরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৪ বছর।
রোববার (১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকার মাস্টারকাটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বালুখালী বিজিবি বিওপি সংলগ্ন বাংলাদেশ সীমান্ত পিলার ২৮ থেকে প্রায় ২০০ গজ ভেতরে মামুনের একটি মাছের ঘেরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উদ্ধার করা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত কিশোরের নাম-পরিচয় ও ঠিকানা এখনো শনাক্ত করা যায়নি। তার বাবা-মায়ের পরিচয়ও জানা সম্ভব হয়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
BanglaDock