`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় ভূগর্ভের গ্যাসে আগুন, ১৫ দিন পর্যবেক্ষণে থাকবে বাপেক্স-পেট্রোবাংলা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
উখিয়ায় ভূগর্ভের গ্যাসে আগুন, ১৫ দিন পর্যবেক্ষণে থাকবে বাপেক্স-পেট্রোবাংলা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন লাগার ঘটনায় ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে বাপেক্স ও পেট্রোবাংলা। এ সময় আগুনের শিখার উচ্চতা এবং গ্যাস নির্গমনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এরপর পরিস্থিতি বিবেচনায় আগুন বন্ধের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে বাপেক্স ও পেট্রোবাংলার উচ্চপর্যায়ের একটি দল। বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুকতাদির জানান, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাপেক্সের অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে। তবে সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হচ্ছে।


পেট্রোবাংলার পরিচালক (অপারেশন ও মাইনস) প্রকৌশলী মো. শোয়েব বলেন, প্রাথমিক ধারণা অনুযায়ী, নির্গত গ্যাসটি থার্মোজেনিক ও বায়োজেনিক প্রকৃতির হতে পারে। আগুনের শিখার রং দেখে গ্যাসের সঙ্গে তেল বা কনডেনসেট থাকার সম্ভাবনাও অনুমান করা হচ্ছে। প্রাথমিক পর্যবেক্ষণে আগুনের উৎসকে অগভীর গ্যাসের মজুত বা শ্যালো রিজার্ভার বলে ধারণা করা হচ্ছে।


তিনি জানান, ১৫ দিন পর্যবেক্ষণের পর আগুনের শিখার উচ্চতা বেড়ে গেলে বা একই রকম থাকলে রিলিফ কূপ খননের পরিকল্পনা করা হবে। সাইড ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে ওই কূপের মাধ্যমে গ্যাসের নির্গমন বন্ধের চেষ্টা করা হবে। তবে এর মধ্যে গ্যাসের প্রবাহ কমে গেলে বা বন্ধ হয়ে গেলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।


মো. শোয়েব আরও জানান, আশপাশের কয়েকটি ভূতাত্ত্বিক স্তর থেকেও গ্যাস জ্বলতে দেখা গেছে। ভূগঠনে পরিবর্তনের কারণে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী সময়ে বাপেক্স সেখানে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালাবে। জরিপের তথ্য বিশ্লেষণ করে গ্যাসের মজুতের সম্ভাবনা যাচাই করা হবে। অর্থনৈতিকভাবে লাভজনক মজুত পাওয়া গেলে নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হবে।


গত ২৭ অক্টোবর সকাল সাতটার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইনানী ছোট খাল ব্রিজসংলগ্ন একটি বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলছিল। মাটির প্রায় এক হাজার ফুট গভীরে পাইপ প্রবেশ করানোর সময় গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যায়। এরপর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টেকনাফে দেশীয় মদসহ মাদক কারবারি আটক, ইজিবাইক জব্দ

টেকনাফে দেশীয় মদসহ মাদক কারবারি আটক, ইজিবাইক জব্দ