`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে সেতুর সংযোগ সড়কে জমি অধিগ্রহণে অনুমোদন পেলো ১.৮৯ একর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
কক্সবাজারে সেতুর সংযোগ সড়কে জমি অধিগ্রহণে অনুমোদন পেলো ১.৮৯ একর ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার সদর উপজেলায় ভারুয়াখালী খালের ওপর নির্মাণাধীন সেতুর সংযোগ সড়ক নির্মাণে ১ দশমিক ৮৯৪৭ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ জন্য ২০২১ সালে দেওয়া ৩ দশমিক ১৫৬৭ একর জমি অধিগ্রহণের আগের অনুমোদন বাতিল করা হয়েছে।


গত ১৫ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-২ শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। জমির দাগ ও পরিমাণ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় অধিগ্রহণের পরিমাণ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হচ্ছে। কক্সবাজার সদর উপজেলার রশিদনগর আরএইচডি-খুরুশকুল জিসি সড়কের ভারুয়াখালী বাজার হয়ে যাওয়ার পথে ভারুয়াখালী খালের ওপর নির্মিত হচ্ছে ৩৯২ মিটার দীর্ঘ প্রি-স্ট্রেসড কংক্রিট (পিসি) গার্ডার সেতুটি। সড়কটির ৪ হাজার ৭০০ মিটার চেইনেজে অবস্থিত সেতুটির পরিচিতি নম্বর ৪২২২৪২০০৪।


সেতুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে ২০২১ সালের ১১ মার্চ কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ও তেতৈয়া মৌজায় ৩ দশমিক ১৫৬৭ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছিল। তবে অধিগ্রহণ কার্যক্রম পরিচালনার সময় জমির দাগ ও পরিমাণ নিয়ে জটিলতা দেখা দেয়।


এর পরিপ্রেক্ষিতে অনুমোদিত জমির পরিমাণ সংশোধন করে ১ দশমিক ৮৯৪৭ একর নির্ধারণের অনুরোধ জানিয়ে ২০২৬ সালের ২১ মে স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠায় এলজিইডি। পরে আগের আদেশ বাতিল করে নতুন করে জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়।


স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-২ শাখার সিনিয়র সহকারী সচিব এ. বি. এম. আরিফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য ১ দশমিক ৮৯৪৭ একর জমি অধিগ্রহণের অনুমোদনের কথা জানানো হয়েছে। আদেশের অনুলিপি কক্সবাজারের জেলা প্রশাসক, এলজিইডির প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক এবং কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী