ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার ও সাদিয়া আয়মানকে একসময় নিয়মিত জুটি হিসেবে দেখা যেত। পর্দার রসায়নের পাশাপাশি তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরে নানা আলোচনা ছিল। একপর্যায়ে তাদের প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। এবার সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন খায়রুল বাসার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাদিয়ার সঙ্গে তার সম্পর্ককে প্রেম বলা যায় কি না, তা নিয়ে তিনি নিজেই নিশ্চিত নন। তবে একটি সময় তাদের মধ্যে বিশেষ ধরনের সম্পর্ক ছিল বলে ইঙ্গিত দিয়েছেন এই অভিনেতা। সময়ের সঙ্গে সেই সম্পর্কের সমীকরণ বদলে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
সাদিয়ার সঙ্গে পরিচয়ের প্রসঙ্গ তুলে খায়রুল বাসার জানান, একটি বিজ্ঞাপনের কাজের সূত্রে তাদের প্রথম পরিচয় হয়। এর আগে একটি নাটকে সাদিয়াকে দেখেছিলেন তিনি। পরে বিজ্ঞাপনের জন্য উপযুক্ত মুখ খুঁজতে গিয়ে সাদিয়ার নাম প্রস্তাব করেন খায়রুল। সেই কাজের মাধ্যমেই তাদের যোগাযোগ বাড়তে থাকে।
বর্তমান সম্পর্কের বিষয়ে খায়রুল বলেন, ‘সম্পর্কটাকে আসলে প্রেম বলা যায় কি না, তা আমি আজও জানি না। এখন মনে হয়, আসলে আমাদের মধ্যে কিছুই ছিল না।’
প্রায় তিন বছর ধরে খায়রুল বাসার ও সাদিয়া আয়মানকে একসঙ্গে কোনো নাটকে দেখা যায়নি। এই দীর্ঘ বিরতি নিয়েও দর্শকদের মধ্যে নানা কৌতূহল রয়েছে। তবে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি পেছনে ফেলে দুজনই এখন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
জনপ্রিয় এই জুটিকে আবার পর্দায় একসঙ্গে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে খায়রুল বাসারের সাম্প্রতিক মন্তব্যে সাদিয়া আয়মানের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
BanglaDock