চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কের সুপ্তধারা ঝরনা এলাকায় অতিবৃষ্টির কারণে আটকে পড়া চার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আব্দুল আলম নামে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান, তার ছোট ভাই সাকিব (২২) ও আরও তিন বন্ধু সীতাকুণ্ড ইকোপার্কে ঘুরতে গিয়ে সুপ্তধারা ঝরনা থেকে ফেরার পথে পাহাড়ি ঢলের কারণে ঝিরিপথ প্লাবিত হওয়ায় আটকে পড়েছেন। তারা সবাই চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল প্রবল বৃষ্টির মধ্যে প্রায় তিন কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
রাত ৮টা ১০ মিনিটে আটকে পড়া চার শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডিং অফিসার মোতিরায় লাল ত্রিপুরা উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
BanglaDock