`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে ৯৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে ৯৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়ে ৯৮০ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে। মঙ্গলবার সকালে দুটি টার্মিনাল থেকে এই পরিমাণ গ্যাস সরবরাহ পাওয়া যায়, যা গত প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে টার্মিনাল দুটি থেকে দৈনিক প্রায় ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল।


ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, মঙ্গলবার থেকে দেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বাড়বে। এর পরদিনই মহেশখালীর টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বাড়ানো হলো।


গত ২১ জুলাই এক্সিলারেট এনার্জির টার্মিনালে অগ্নিকাণ্ডের পর সেটি সাময়িকভাবে বিকল হয়ে গেলে দেশে গ্যাস সংকট তীব্র হয়। পরে টার্মিনালটি সচল হলেও এলএনজিবাহী জাহাজের সরবরাহ কমে যাওয়ায় দুটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সীমিত রাখা হয়।


২২ আগস্ট থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এলএনজিবাহী জাহাজ আসতে শুরু করলে ধীরে ধীরে সরবরাহ বাড়ানো হয়। চলতি মাসে সোমবার পর্যন্ত চারটি এলএনজি কার্গো আসার পর গ্যাস সরবরাহ আরও বাড়ানো হয়েছে।


খাতসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দেশে সরবরাহ করা মোট গ্যাসের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ আসে আমদানি করা এলএনজি থেকে। মহেশখালীর টার্মিনাল থেকে সরবরাহ বাড়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট ছাড়িয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


গ্যাসের সরবরাহ বাড়ায় শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রমে গতি ফিরছে। গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানাগুলোও ধীরে ধীরে সচল করা হচ্ছে। একই সঙ্গে আবাসিক গ্রাহক ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের চাপ বাড়ছে।


আগামীকাল বুধবার আরও একটি এলএনজিবাহী জাহাজ আসার কথা রয়েছে। সেটি আসার পর সরবরাহ আরও বাড়তে পারে। মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের সম্মিলিত সরবরাহ সক্ষমতা প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। ফলে দুটি টার্মিনাল থেকে সক্ষমতা অনুযায়ী গ্যাস সরবরাহ করা গেলে দেশে গ্যাসের সংকট আরও কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বঙ্গোপসাগরে আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে হস্তান্তর

বঙ্গোপসাগরে আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে হস্তান্তর